Brick Lane News

হান্নান মাসুদের গাড়িবহরে ‘স্থানীয়দের’ অতর্কিত হামলা, আহত ১০

প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ । ৯:৪০ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এই হামলার ঘটনা ঘটে।

এই হামলাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় একাধিক ককলেট বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। ওই সময় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

এ ঘটনায় আবদুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদেরকে লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে আমাদের ওপর হামলার চালায় এবং আমাদের ৫ জনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে। আমার গাড়িবহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালেও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

হামলার ঘটনায় আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে ওপর বিচারের দাবিতে বসে পড়েন।

এ বিষয়ে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি