Brick Lane News

এবার পাবনায় ভোট পুনঃগণনার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৬ ্পিএম
এবার পাবনায় ভোট পুনঃগণনার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পাবনা-৩ ও পাবনা-৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন হাসান জাফির তুহিন (পাবনা-৩: চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) ও হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪: ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের কর্মী-সমর্থকরা। প্রায় চার ঘণ্টা অবরোধ চলাকালে তারা পুনরায় ভোট গণনার দাবি জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারা বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় অবিলম্বে ভোট পুনর্গণনা করতে হবে। পুনর্গণনা হলে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।” দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

পরে পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে প্রার্থীদের প্রতিনিধিরা সাক্ষাৎ করেন। তিনি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম জানান, দুই আসনের প্রার্থীদের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

সর্বশেষ খবর