Skip to main content

Brick Lane News

‘শেখ হাসিনার ঘোষণায় ইউপি নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’: দাবি সিইসি’র

‘শেখ হাসিনার ঘোষণায় ইউপি নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’: দাবি সিইসি’র

ব্রিকলেন নিউজ, লন্ডন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।