Skip to main content

Brick Lane News

সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল উত্থাপনের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল উত্থাপনের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। ৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বিল দুটি উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিল উত্থাপনের সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এর তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এমন দুর্বল আইন পাসের প্রক্রিয়ায় তারা কোনোভাবেই অংশীদার হতে চান না। এ সময় তিনি অভিযোগ করেন যে, মানবাধিকার সংক্রান্ত এই বিলগুলোতে আইনের দ্বৈত প্রয়োগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে শৃঙ্খলা বাহিনীর জন্য রাখা বিশেষ বিধানের সমালোচনা করে তিনি বলেন, আইনের এমন দ্বৈত প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, সরকারি দল যখন আগের বিলগুলো বাতিল করেছিল, তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা আরও শক্তিশালী এবং উন্নত সংস্করণের বিল নিয়ে আসবে। কিন্তু বর্তমান প্রস্তাবিত বিলগুলো সেই প্রতিশ্রুতির প্রতিফলন নয়। বিরোধী দলীয় নেতার এই বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ওয়াকআউটের জন্য পাল্টা ধন্যবাদ জানান। এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।