Skip to main content

Brick Lane News

মিরপুরে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নিহত ২

মিরপুরে টিসিবির লাইনে দাঁড়িয়ে দেয়ালচাপায় নিহত ২

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর দেয়াল ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজন নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তি (প্রায় ৪০) প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেক মানুষ। হঠাৎ করেই কলেজের সীমানা প্রাচীর ভেঙে তাদের ওপর পড়ে। এতে বেশ কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠান।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনায় এক নারীর মুখ থেঁতলে যায় এবং তার একটি পা ভেঙে যায়। পরে তিনি মারা যান। নিহত ওই নারীর নাম নাছিমা বেগম বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।