Brick Lane News

বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। পরে একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর ও ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন মো. সাইফুদ্দিন।

এর আগে, গত মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন।

পুঁজিবাজারে টানা দরপতন, আস্থা সংকট, বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির অভাব ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিল বর্তমান কমিশন।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে বিভিন্ন সময় কর্মবিরতিসহ আন্দোলন করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

অপরদিকে সাধারণ বিনিয়োগকারীরা তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করেছেন।