Brick Lane News

সরকারি ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিলো সরকার

সরকারি ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিলো সরকার

সারা দেশের বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ-সংক্রান্ত পৃথক ১১টি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে এ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন উপাচার্য পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন যারা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন (ইউট্যাব) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। বেরোবির সপ্তম উপাচার্য হলেন অধ্যাপক ড. আনিসুর রহমান।

বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হয়েছেন ড. মো. মামুন অর রশিদ। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়টির ১৫তম উপাচার্য তিনি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ডিনসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। মতিনুর রহমান বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের শর্ত অনুযায়ী নবনিযুক্ত উপাচার্যরা যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় নতুন নিয়োগ পাওয়া সব উপাচার্যের নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।