সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে এক আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ঘটনার পর ৭ সেপ্টেম্বর নিজ বাসা থেকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশ জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।



