রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মতান্ত্রিকভাবে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি বলে স্পষ্ট করে জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন বলে জানায় ডিএমপি। এ বিষয়ে গুজবে কান না দিয়ে সঠিক তথ্য গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।





