Brick Lane News

মুন্সিগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেটের জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. আলমগীর (৪৫), স্থানীয় বাসিন্দা।

ঘটনার পর আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে স্বজন ও বিক্ষুব্ধ জনতা শ্রীনগর-দোহার সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দুপুর পৌনে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে আলমগীরের ভাই তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), মো. তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪) ও আবদুর রহমান (২৩) রয়েছেন। আহত আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, আলমগীর ও তাঁর ভাই বালাসুর বাজারে একটি মার্কেট নির্মাণ শুরু করলে জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ আদালতে মামলা করে। সম্প্রতি মামলার রায় আলমগীরদের পক্ষে এলেও প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

ভোরে দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে বাধা দেওয়ায় আলমগীর ও তাঁর স্বজনদের ওপর হামলা চালানো হয়। এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পরও আলমগীরকে মারধরের অভিযোগ রয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ক্যামেলিয়া সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে ১৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর হওয়ায় আলমগীরসহ আটজনকে ঢাকায় পাঠানো হলে পরে আলমগীর মারা যান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Posts

Social Media

সর্বশেষ খবর