Brick Lane News

মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০

মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০

ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, গণসংযোগে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।

শুক্রবার (সকাল ৮টা) মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির এক সহসভাপতির বাড়ির পাশে জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগে গেলে বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে কথা–কাটাকাটি থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহিম অভিযোগ করেন, বিএনপির হামলায় তাঁদের অন্তত ছয় কর্মী আহত হয়েছেন। মনপুরা উপজেলা জামায়াত আমির মো. আমিনুল এহসান জসিমউদ্দীন জানান, তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

অন্যদিকে মনপুরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিন দাবি করেন, জামায়াতের নেতাকর্মীরাই সংঘবদ্ধভাবে বিএনপির ওপর হামলা চালান। এতে বিএনপির পাঁচজন আহত হন।

মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও প্রচারে বাধার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে মহিলা জামায়াত। লিখিত বক্তব্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিরাপদ গণসংযোগের পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

Related Posts

Social Media

সর্বশেষ খবর