Brick Lane News

পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেও চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন শামীম শাহরিয়ার

প্রকাশিত ৬ ফেব্রুয়ারি ২০২৬ । ১২:১৫ পিএম

৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেটে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শামীম শাহরিয়ারের নাম বাদ পড়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত নেই।

এর আগে গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে সর্বশেষ প্রজ্ঞাপনে মাত্র ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন, যার মধ্যে শামীম শাহরিয়ারও রয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ জুন প্রকাশিত ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের কে–৭৩ ব্যাচের শিক্ষার্থী এবং ফল প্রকাশের সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট–১ সম্পন্ন করেন।

শামীম শাহরিয়ারের শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক, প্রশাসনিক বা প্রক্রিয়াগত কোনো কারণে তাকে বাদ দেওয়া হয়েছে কি না সে বিষয়ে এখনো পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি