ভোলা-২ আসনের দৌলতখান উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে গণসংযোগ ও প্রচারণার সময় প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েন।
ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাসান তারেক হাওলাদার অভিযোগ করেন, জামায়াতের গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীরা রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে জামায়াতের অন্তত ২০ জন সমর্থক আহত হন, যাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর।
অন্যদিকে দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা আচরণবিধি না মেনে মিছিল বের করলে পরিস্থিতির অবনতি ঘটে। তিনি দাবি করেন, এতে বিএনপির ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে তিনজন গুরুতর।
দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



