Brick Lane News

র‍্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, সভায় র‌্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। বাহিনীটিকে নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হবে। নাম ও পোশাক চূড়ান্ত করতে সর্বস্তরের মতামত নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে পুলিশ, সেনা, নৌ, বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে র‌্যাব গঠন করা হয়।

পরবর্তীতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ নামে শত শত বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে, যা বিএনপি ও আওয়ামী লীগ উভয় সরকারের আমলেই অব্যাহত ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র‌্যাব বিলুপ্তির আহ্বান জানালেও সরকার সাড়া দেয়নি। এমনকি র‌্যাব গঠনের সময় ক্ষমতায় থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও পরে এর বিলুপ্তির দাবি জানান।

২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব ও এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর ‘ক্রসফায়ার’ কার্যত বন্ধ হয়ে যায়।

২০২৪ সালের ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) র‌্যাব বিলুপ্তির সুপারিশ করে।

২২ বছর পর এসব আহ্বানে সাড়া না দিয়ে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার র‌্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল।

Related Posts

Social Media

সর্বশেষ খবর