Brick Lane News

নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে : হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ২:৪৯ পিএম
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।                    ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম বা কারচুপি ছাড়া জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতের জয়ের কোনো নজির নেই এবং ভবিষ্যতেও তাদের সেই সক্ষমতা নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াতে ইসলামী কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে জয়ী হয়নি। অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। বাংলাদেশে তাদের উল্লেখযোগ্য জনসমর্থন নেই বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। তবে বর্তমানে সে ধরনের পরিবেশ তিনি দেখতে পাচ্ছেন না। নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি।

নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রিংলা বলেন, বাংলাদেশে নিরাপত্তাজনিত শঙ্কা রয়েছে। নির্বাচন হলেও সেটি কোন পরিস্থিতিতে হবে, তা এখনো স্পষ্ট নয়। এ কারণে পুরো প্রক্রিয়াটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ থেকে লোকজনকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশ একটি সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের চর্চা বন্ধ করা প্রয়োজন। ভারতের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি