Brick Lane News

ইসলামিক মিশন গিল্ড অফ দি ক্যারাবিয়ান এন্ড সাউথ আমেরিকা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

প্রকাশিত ৮ এপ্রিল ২০২৬ । ৯:৫১ পিএম

 

ত্রিনিদাদ ও টোবাগো, ৬ এপ্রিল’২৬:

ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যতম দাওয়াতি সংগঠন ইসলামিক মিশন গিল্ড অব দ্য ক্যারাবিয়ান অ্যান্ড সাউথ আমেরিকা (IMGCASA)-এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) লন্ডন থেকে আগত একদল ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধিদলের সাথে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান সংগঠনের প্রেসিডেন্ট ইমতিয়াজ মোহাম্মদ, মদিনার সনদপ্রাপ্ত, ইমাম শেখ মোহাম্মদ মনাফ, ট্রাস্টের অন্যতম পরিচালক রেদোয়ান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লন্ডন থেকে আগত প্রতিনিধিদলে ছিলেন—লন্ডন ইস্ট একাডেমির সাবেক প্রিন্সিপাল, মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের বার বার নির্বাচিত প্রেসিডেন্ট, লেখক ও গবেষক ড. মুসলেহ ফারাদী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও ইস্ট এন্ড চ্যারিটি সংস্থার প্রেসিডেন্ট সাংবাদিক নবাব উদ্দিন; যুক্তরাজ্যের সর্ববৃহৎ যুব সংগঠন ইয়াং মুসলিম অর্গানাইজেশনের সাবেক প্রেসিডেন্ট এবং ইস্ট লন্ডন মসজিদের সাবেক প্রেসিডেন্ট আয়ুব খান; ইস্ট লন্ডন মসজিদের সাবেক ডিরেক্টর ও ইসলামিক ফোরাম ইউরোপের সাবেক প্রেসিডেন্ট দিলোয়ার হোসেন খান;
ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমেদ; হেইবারিং কলেজের লেকচারার ও রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ড. জামাল উদ্দিন; ব্রিট কলেজের চিফ এক্সিকিউটিভ ও ইস্ট লন্ডন মসজিদের সাবেক ট্রেজারার মুসাদ্দিক আহমেদ; লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও ফাইন্যান্স বিশেষজ্ঞ বাব-উল-হক;
ইস্ট লন্ডন মসজিদের হেড অব অ্যাসেট অ্যান্ড অপারেশন আসাদুজ্জ মোহাম্মদ জামান; ডাগেনহাম কমিউনিটি ফোরাম এর চেয়ারম্যান,কমিউনিটি ব্যক্তিত্ব সুহেল সিরাজী; এবং লেখক ও কলামিস্ট, এলবি ২৪–এর ব্যবস্থাপনা পরিচালক, ইউরো বাংলা’র প্রধান সম্পাদক ও লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

সভায় IMGCASA-এর কার্যক্রম তুলে ধরা হয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকায় ইসলাম প্রচার, শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো এবং সুরিনামের মুসলিম সমাজের সাথে তাদের গভীর ও সুদৃঢ় সম্পর্ক রয়েছে।

সংগঠনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে—দাওয়াহ কার্যক্রম, শিক্ষা উন্নয়ন, সামাজিক সেবা, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং মুসলিম ঐক্য প্রতিষ্ঠা। পাশাপাশি তাদের হজ্জ ও উমরাহ ব্যবস্থাপনাও অত্যন্ত সুসংগঠিত, যার মাধ্যমে প্রতিবছর বহু মুসল্লি পবিত্র হজ্জ ও উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

অতিথিরা সংগঠনের প্রায় ছয় একর জায়গাজুড়ে বিস্তৃত ক্যাম্পাস পরিদর্শন করেন। প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই প্রতিষ্ঠানটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

পরবর্তীতে একটি অভিজাত রেস্টুরেন্টে অতিথিদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয়। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংগঠন, দাওয়াহ কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট দাওয়া এক্টিভিস্ট মনোয়ার আলী, আসিম আব্দুল্লাহ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এ কর্মরত শরিফা আব্দুল্লাহ, আরশাদ আলী প্রমুখ।

ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধি দলের লিডার দিলোয়ার হোসেন খান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন শুধু আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, বরং পারস্পরিক সম্পর্ক ও হৃদ্যতার এক অনন্য বন্ধন তৈরি করেছে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের আন্তরিকতা, অতিথিপরায়ণতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে গভীরভাবে মুগ্ধ হন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি